ঝরাপাতা
- অয়ন ভড়
শিল্পা, তুমি দূরতর কোনো দ্বীপের অচেনা এক ফুল
আমি মৌমাছিদের মতো বসন্ত-ব্যাকুল,
তোমার অপার বসন্তের আবির মাখব বলে
রয়ে গেছি কতকাল এই শ্মশানের অঞ্চলে—
এই মৃত্যুর দেশে; তোমাকে দেখিনি কতদিন
কতদিন শিমূল-শাখারা রয়েছে রঙহীন,
ঈশান আকাশ কালো রঙ মাখে— অন্ধকারের চেয়েও কালো;
শিল্পা, তুমি দূরতর কোনো নক্ষত্রের আলো—
কেন আসোনাকো আমাদের বিষণ্ন আকাশে?
শিল্পা, তুমি দূর দিগন্তের বৈশাখী মেঘ—
রূপে তোমার প্রশান্তি, হৃদয়ে প্রলয়-আবেগ,
কান্তারের পথে উড়াও বিজয়িনীর কেতন—
তোমার অশনি-আলোর গর্জন
কাঁপিয়ে তোলে সমগ্র চরাচর,
তবু, তবু তোমার হৃদয় হতে ঝরে প্রেমের নির্ঝর!
আমি অশথের পাতা— তোমার মাতাল হওয়ায় যাবো ঝরে,
শুয়ে রব আলোছায়া বনবীথির 'পরে
আশ্বিনের মেঘের মতো অগোছালো বিন্যাসে।
যদি আসো কোনোদিন এই পথে কোনো হেমন্ত-সাঁঝে
দিয়ে যেয়ো তোমার লাল আলতা মাখা পায়ের ধুল,
কেননা আমার স্থান নেই গো তোমার ওই করবী-মাঝে
সেখানে যে খেলা করে অনেক অনেক রঙ-বাহারি ফুল;
আমি যে ঝরাপাতা— আমারে তুমি কুড়াবে না যে—
কোনোদিন করবে না সেই ভুল!
২১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।